ডেইলি প্রেস ডেস্ক: খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রকাশিত এই তালিকায় বিশ্ব রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল। এতে বলা হয়, মাত্র কয়েক মাস আগেও তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে তিনি দ্রুত জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। পরবর্তীতে জাতীয় নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে সেই অবস্থানকে বাস্তবে রূপ দেন।
এই বিজয়ের মধ্য দিয়ে তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করেন। তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় খালেদা জিয়ার মৃত্যু তার জীবনে এক গভীর শোকের ছায়া ফেলে। চলতি বছরের জানুয়ারিতে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই শোককে শক্তিতে পরিণত করে দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করতে চান।
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় আরও স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, নেপালের জেনজি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী সুন্দর পিচাই, ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ, ভারতের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর, হলিউড অভিনেত্রী ডকোটা জনসন, ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিসহ বিশ্বের প্রভাবশালী বহু ব্যক্তিত্ব।