তুর্য রহমান: ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর। ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপর ২০২২ সাল পর্যন্ত মোট ২২টি আসর শেষ হয়েছে। এই দীর্ঘ ইতিহাসে মাত্র আটটি দেশ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। সবচেয়ে সফল দল ব্রাজিল। এরপর রয়েছে জার্মানি ও ইতালি। সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দেশ ব্রাজিল। তারা ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা জয়ের বছরগুলো হলো ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২। ব্রাজিলই একমাত্র দল, যারা এখন পর্যন্ত অনুষ্ঠিত সব বিশ্বকাপে অংশ নিয়েছে। দলটি আরও দুটি ফাইনালে হেরে রানারআপ হয়েছে। পেলে, রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাকা ও নেইমারের মতো তারকারা ব্রাজিলের ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।
জার্মানি ৪ বার বিশ্বকাপ জিতেছে। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে তারা শিরোপা ঘরে তোলে। জার্মানি বিশ্বকাপের ৮টি ফাইনাল খেলেছে, যা যৌথভাবে সর্বোচ্চ। তারা চারবার রানারআপও হয়েছে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার, লোথার ম্যাথাউস, মিরোস্লাভ ক্লোসা ও টনি ক্রুসের মতো কিংবদন্তিরা জার্মানির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ইতালিও ৪ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তারা ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে শিরোপা জেতে। ইতালি প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে। দলটি মোট ৬টি ফাইনাল খেলেছে এবং দুটি ফাইনালে রানারআপ হয়েছে। পাওলো রোসি, রবার্তো বাজ্জিও, পাওলো মালদিনি ও জিয়ানলুইজি বুফনের মতো তারকারা ইতালির ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন।
আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপ জিতেছে। দলটি ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। তারা মোট ৬টি ফাইনাল খেলেছে এবং তিনবার রানারআপ হয়েছে। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে এবং ২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে।
ফ্রান্স ২ বার বিশ্বকাপ জিতেছে। তারা ১৯৯৮ ও ২০১৮ সালে শিরোপা জেতে। এছাড়া ২০০৬ ও ২০২২ সালে রানারআপ হয়। অর্থাৎ, ফ্রান্স মোট ৪টি ফাইনাল খেলেছে। জিনেদিন জিদান, থিয়েরি অঁরি, কিলিয়ান এমবাপ্পে ও আন্তোয়ান গ্রিজমানের মতো তারকারা ফ্রান্সকে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত করেছেন।
উরুগুয়ে বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন। তারা ২ বার শিরোপা জিতেছে। প্রথমটি ১৯৩০ সালে এবং দ্বিতীয়টি ১৯৫০ সালে। ১৯৫০ সালের বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে তারা ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দেয়, যা ‘মারাকানাজো’ নামে পরিচিত। এরপর আর কোনো ফাইনালে উঠতে পারেনি উরুগুয়ে।
ইংল্যান্ড এখন পর্যন্ত একবার বিশ্বকাপ জিতেছে। ১৯৬৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে একমাত্র শিরোপা জেতে তারা। জিওফ হার্স্ট সেই ম্যাচে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের একমাত্র হ্যাটট্রিক করেন। এরপর আর কোনোবার বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড।
স্পেন একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম শিরোপা জেতে তারা। আন্দ্রেস ইনিয়েস্তার অতিরিক্ত সময়ের গোল স্পেনকে ইতিহাস গড়ার সুযোগ এনে দেয়। সেই সময় জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস ও ডেভিড ভিয়ার নেতৃত্বে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল ছিল।
এখন পর্যন্ত অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপে ব্রাজিল, জার্মানি, ইতালি ও আর্জেন্টিনা মিলেই জিতেছে ১৬টি শিরোপা। অর্থাৎ, বিশ্বকাপ ইতিহাসের প্রায় ৭৩ শতাংশ ট্রফি গেছে এই চার দেশের ঘরে। অন্য চার চ্যাম্পিয়ন—ফ্রান্স, উরুগুয়ে, ইংল্যান্ড ও স্পেন—জিতেছে বাকি ৬টি শিরোপা।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ব্রাজিল ষষ্ঠ শিরোপার স্বপ্ন দেখছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে চাইবে। অন্যান্য দলগুলোও নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই মহারণের দিকেই।
বিশেষ প্রতিনিধি।
তুর্য রহমান ১৪ বছর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এখন পর্যন্ত ৬টি সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন তিনি।